
দেশি-বিদেশি নামকরা ব্র্যান্ডের মানসম্মত পণ্য আকর্ষণীয় মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মেলা ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুধুমাত্র বড় অঙ্কের মূল্যছাড়ে পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলা আয়োজিত হতে যাচ্ছে। আজ বুধবার (১ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
ইভেন্টকমের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী এই মেলা আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে। মেলায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল ও ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ২৫০টি জনপ্রিয় ব্র্যান্ড, করপোরেট প্রতিষ্ঠান ও নারী উদ্যোক্তারা অংশ নেবেন। মেলা উপলক্ষে ক্রেতারা সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
সংবাদ সম্মেলনে মেলার প্রকল্প পরিচালক ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, “এই ফেস্ট ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটি অর্থবহ সেতু তৈরি করবে এবং দেশের রিটেইল ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে।” উইমেন এম্পাওয়ারমেন্টের চিফ ফ্যাসিলিয়েটর জিন্নাত আরা বারী জানান, মেলাটি নতুন নারী উদ্যোক্তাদের জন্য বড় বাজার ও ডিস্ট্রিবিউটর খুঁজে পাওয়ার ক্ষেত্রে দারুণ সুযোগ তৈরি করবে।
আয়োজকরা জানান, এখন থেকে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হবে। ঢাকার পর আগামী বছর (২০২৭) পর্যায়ক্রমে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় এই ডিসকাউন্ট ফেস্ট আয়োজন করা হবে। মেলায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো আগামী ১৬ জুলাইয়ের মধ্যে স্টল বুকিং করলে ৫০ শতাংশ ‘আর্লি বার্ড’ ছাড় পাবেন।

