সৌদি আরবে প্রবেশের জন্য প্রদত্ত ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থানকারী প্রবাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ম লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং সবশেষে দেশ থেকে বহিষ্কারের (নির্বাসন) মুখোমুখি হতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, আইনি জটিলতা এড়াতে সকল দর্শনার্থী ও প্রবাসীর উচিত ভিসার শর্তাবলী কঠোরভাবে মেনে চলা এবং অনুমোদিত মেয়াদের মধ্যেই সৌদি আরব ত্যাগ করা। বিশেষ করে গৃহকর্মী বা ডোমেস্টিক হেল্পারদের ক্ষেত্রে প্রবেশন বা পরীক্ষাকালীন সময়ে ‘ফাইনাল এক্সিট’ বা চূড়ান্ত বহির্গমন ভিসার নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে যেকোনো আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বসবাসের নিয়মাবলী, শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত যেকোনো আইন লঙ্ঘনের অভিযোগ জানাতে নিচের জরুরি নম্বরগুলো ব্যবহার করা যাবে:
মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের জন্য: ৯১১
সৌদি আরবের অন্য সকল অঞ্চলের জন্য: ৯৯৯
কর্তৃপক্ষ স্মরণ করিয়ে দিয়েছে যে, জনগণের এই সহযোগিতা ও সচেতনতা সৌদি আরব জুড়ে বসবাসের নিয়মাবলী ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাকে সরাসরি সহায়তা করবে।

