বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার শিক্ষা, গবেষণা এবং জ্ঞানভিত্তিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটি (এমএনইউ)-তে এক বিশেষ বই উপহার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম রচিত “Power of Bonding and Non-Western Soft Power Strategy” গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইশাত শেহেনাজ আদম আনুষ্ঠানিকভাবে বইটি গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রধান গ্রন্থাগারিক, শিক্ষক, গবেষক, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, “একটি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়; এটি জ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রাণকেন্দ্র। আশা করি, আমার এই গ্রন্থটি আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, সফট পাওয়ার এবং সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে ছোট ও মধ্যম আকারের রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
হাইকমিশনার আরও বলেন, মালদ্বীপে কর্মরত বৃহৎ বাংলাদেশি কমিউনিটি, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানবসম্পদ উন্নয়ন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করে তুলেছে। এ সময় তিনি ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, একাডেমিক সেমিনার এবং স্কলারশিপ প্রোগ্রাম চালুর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্লু ইকোনমি, সামুদ্রিক বিজ্ঞান, প্রযুক্তি ও জনস্বাস্থ্যের মতো খাতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে উপাচার্য ড. আইশাত শেহেনাজ আদম বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বলেন, এই গ্রন্থটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য একটি মূল্যবান সংযোজন এবং এটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য রেফারেন্স হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ একাডেমিক অংশীদারিত্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

