বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন খোকন মালদ্বীপে পৌঁছেছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি মালদ্বীপে পৌঁছান।
তাঁর আগমন উপলক্ষে মালদ্বীপ বিএনপির নেতা-কর্মীরা রাজধানী মালের নিকটবর্তী ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন জানান।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় নেতৃবৃন্দ মো. আনোয়ার হোসেন খোকনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাঁর সফল ও ফলপ্রসূ সফর কামনা করেন।
দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দলের যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে মো. আনোয়ার হোসেন খোকন মালদ্বীপ বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এ ছাড়া তিনি মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় নেতা-কর্মীদের নিয়ে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

