প্রাপ্তবয়স্কদের কনটেন্ট বা পর্নোগ্রাফি কেবল মানুষের মানসিক স্বাস্থ্যের ক্ষতিই করছে না, বরং পরোক্ষভাবে বাড়িয়ে দিচ্ছে বৈশ্বিক উষ্ণায়নও— সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা অভিনব শুক্লা। তাঁর এমন বিস্ফোরক দাবিকে ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।
জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক ও হিনা খানের পডকাস্ট ‘দ্য ফোর পিওভি’-এর একটি পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিনব শুক্লা এবং হিনা খানের সঙ্গী রকি। সেখানে জলবায়ু সংকট এবং পরিবেশের ওপর পুরুষতান্ত্রিক সমাজের প্রভাব নিয়ে অভিনেত্রী দিয়া মির্জার একটি পুরোনো বক্তব্য প্রসঙ্গে আলোচনা উঠলে অভিনব শুক্লা বলেন, ‘পর্নোগ্রাফি তৈরি করা এবং তা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেছনে বিপুল পরিমাণ বৈদ্যুতিক শক্তি ও প্রযুক্তির ব্যবহার হয়। এই বিশাল শক্তি ব্যবহারের ফলে পরোক্ষভাবে তা বৈশ্বিক পরিবেশের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে।’পর্নোগ্রাফির ভয়াবহতা উল্লেখ করে অভিনব বলেন, ‘পর্নোগ্রাফি অত্যন্ত বিপজ্জনক একটি বিষয়। এটি বাস্তব জীবনে মানুষের মনে সম্পূর্ণ অবাস্তব ও কাল্পনিক প্রত্যাশা তৈরি করে। এর ফলে পুরুষরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং জীবন থেকে তাদের আসল লক্ষ্য হারিয়ে ফেলার আশঙ্কা তৈরি হয়। এটি শুধু প্রচুর সময় অপচয়ই করে না, মানুষের ভেতরের মানসিক শক্তি ও কর্মক্ষমতাও কমিয়ে দেয়।’
পডকাস্টের পর্বটি সম্প্রচারিত হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। অনেকেই অভিনেতার সঙ্গে একমত পোষণ করেছেন। আবার নেটিজেনদের একাংশ অভিনবর মন্তব্যকে অতিরঞ্জিত বলে মন্তব্য করেছেন।

