শিশুর প্রথম হাসি, প্রথম শব্দ, প্রথম হাঁটা, প্রথম আঁকিবুঁকি। প্রতিটি মুহূর্তই বাবা মায়ের কাছে অমূল্য। তাই সন্তানের জন্য উপহার কিনতে গেলেও তাদের চাওয়া থাকে, সেটি যেন শুধু ক্ষণিকের আনন্দ না দেয়, বরং তার বেড়ে ওঠার পথেও ইতিবাচক ভূমিকা রাখে। কিন্তু বাজারের ঝলমলে খেলনার ভিড়ে কোনটি সত্যিই শিশুর কৌতূহল বাড়াবে, চিন্তাশক্তিকে শাণিত করবে কিংবা নতুন কিছু শেখার আগ্রহ তৈরি করবে, তা বুঝে ওঠা সহজ নয়।
একটু সচেতনভাবে উপহার বেছে নিলেই খেলতে খেলতেই শেখার অভ্যাস গড়ে উঠতে পারে। এটি শিশুর ভবিষ্যৎ বিকাশে রেখে যেতে পারে দীর্ঘস্থায়ী প্রভাব। উপহার হিসেবে শিশুর জন্য কী কিনবেন, চলুন জানা যাক-
যেসব শিশু নানা প্রশ্ন করতে ভালোবাসে, তাদের জন্য বয়স উপযোগী বিজ্ঞানভিত্তিক কিট হতে পারে চমৎকার উপহার। বইয়ে পড়া বিষয়গুলো ছোট ছোট পরীক্ষার মাধ্যমে নিজের চোখে দেখার সুযোগ পেলে শেখার আগ্রহ অনেক বেড়ে যায়। পদার্থবিজ্ঞান, রসায়ন কিংবা সাধারণ বিজ্ঞান নিয়ে এমন অনেক শিক্ষামূলক কিট রয়েছে। এগুলো শিশুর অনুসন্ধিৎসু মনকে আরও উসকে দিতে পারে।
শব্দ, ছবি কিংবা সংখ্যাভিত্তিক বিভিন্ন ধরনের ধাঁধা সমাধান করতে গিয়ে শিশুদের যুক্তিবোধ, মনোযোগ এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। পাশাপাশি রঙ, প্রাণী, ফল কিংবা বিভিন্ন আকৃতি চিনতে শেখার মতো বিষয়ও খেলার মধ্যেই সহজ হয়ে ওঠে। অনেক নির্মাণধর্মী খেলনা আবার হাতের সমন্বয়, সূক্ষ্ম মোটর দক্ষতা ও সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়তা করে।
উপহারের তালিকায় বই অবশ্যই রাখা উচিত। তবে শিশুর বয়স ও আগ্রহ অনুযায়ী বই নির্বাচন করা জরুরি। রঙিন ছবি, ছড়া, গল্প, শব্দ বা সুরযুক্ত বই ছোটদের বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে সাহায্য করে। জলরং ব্যবহার করলে ছবি ফুটে ওঠে, এমন মজার বইও শিশুদের শেখাকে আনন্দময় করে তোলে। ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে বন্ধুত্ব হলে পড়ার অভ্যাস গড়ে ওঠে। এটি ভবিষ্যতের শিক্ষাজীবনে বড় ভূমিকা রাখে।
শিশুকে প্রকৃতি চেনানোর জন্যও কিছু শিক্ষামূলক উপহার বেছে নিতে পারেন। পাখি, প্রজাপতি বা গাছপালা চেনার বই, ছোট দূরবীন কিংবা আতশ কাচের মতো সরঞ্জাম তাকে আশপাশের পরিবেশ সম্পর্কে আরও কৌতূহলী করে তুলবে। বাস্তব জগতকে কাছ থেকে দেখার এই অভ্যাস ভবিষ্যতে পর্যবেক্ষণ ক্ষমতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে সাহায্য করে।
আঁকাআঁকি ও হাতের কাজ পছন্দ করে না, এমন শিশু খুব কমই আছে। রং পেন্সিল, জলরং, কাগজ, মাটি বা বিভিন্ন কারুশিল্পের উপকরণ উপহার দিলে তারা নিজের কল্পনাশক্তিকে প্রকাশ করার সুযোগ পায়। এসব সৃজনশীল কাজে অংশ নেওয়া শিশুর আত্মবিশ্বাস বাড়ায়, মনোযোগ ধরে রাখতে শেখায় এবং মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলে।শিশুর জন্য উপহার কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার বয়স, আগ্রহ ও প্রয়োজন বিবেচনায় রাখা। দামি খেলনা নয়, বরং এমন উপহারই বেশি মূল্যবান, যা শিশুকে নতুন কিছু ভাবতে, জানতে এবং শিখতে উৎসাহিত করে। খেলাধুলার আনন্দের সঙ্গে শেখার সুযোগ মিললে সেই উপহার শুধু একটি জিনিস হয়ে থাকে না। এটি হয়ে ওঠে শিশুর ভবিষ্যৎ বিকাশের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সঙ্গী।

