ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দেশজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। গত ২০ জুলাই রাজধানী নয়া দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় ক্ষোভে ফুসছে বলিউড। সালমান খান, অরিজিৎ সিং, সোনাক্ষী সিনহা, হুমা কুরেশি, প্রীতি জিন্টা, ভূমি পেডনেকর, রিতেশ দেশমুখের মতো তারকারা সামাজিক মাধ্যমে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।এ তালিকায় যুক্ত হলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। বুধবার এক পোস্টে তিনি লেখেন, ‘যেসব শিক্ষার্থী এখন কঠিন সময় পার করছ, আমি তাদের সবার পাশে আছি। আমার সমর্থন তোমাদের সাথে আছে। মনোবল বৃদ্ধির জন্য প্রার্থনা করছি। তোমাদের প্রতিটি স্বপ্নের মূল্য অনেক। সাহস রেখো, শক্ত থেকো।’
এদিকে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আন্দোলনের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “আমি ধুলে ও নাসিকের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছি। ওরা আমাকে প্রশ্ন করেছিল, ‘প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল এখন আমরা কী করব?’ ওদের আমি এখন কী জবাব দেব?”
শুধু সামাজিক মাধ্যমে নয়, রাজপথে নেমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজ, ইমরান খান, বিগ বস তারকা রজত দালাল।
উল্লেখ্য, গত সোমবার ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সোনাম ওয়াংচুকের মুক্তি এবং আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
সংসদ অভিমুখে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিল ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। যাতে অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়া দিল্লি ও মুম্বাইয়ের একাধিক স্থান থেকে আন্দোলনকারীকে আটক করা হয়।

