
চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাঁর আগমনকে ঘিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে নেতাকর্মীদের ভিড়।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই বিমানবন্দর এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। মির্জা আব্বাসকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। এ সময় অনেকের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়।

বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা মির্জা আব্বাসের আগমনে তারা স্বতঃস্ফূর্তভাবে বিমানবন্দরে এসেছেন। তাঁকে স্বাগত জানিয়ে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তির জানান দিতে চান নেতাকর্মীরা।
জানা গেছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে বুধবার কুয়ালামপুরের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে আসে। মির্জা আব্বাসের সঙ্গে তাঁর স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন।

