
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম আজ শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশে আসছে।
বিশেষ কার্গো উড়োজাহাজে করে ইউরেনিয়ামের চালানটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে ইউরেনিয়াম পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) ইউরেনিয়ামের চালানটি দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইটটি স্থগিত করা হয়। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতার কারণে নির্ধারিত সময়ে চালানটি আনা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি চালানসহ মোট নয়টি চালানে ইউরেনিয়াম দেশে আনা হবে। ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ শেষ করার পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

