
পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিট পর্যন্ত ৭৫ মিনিটের ব্যবধানে এসব ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা অঞ্চলে। পরে রোববার ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। চট্টগ্রামেও কম্পন অনুভূত হয়।
এর এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এতে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা-সংলগ্ন এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এ কম্পনও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা জানানো হয়েছে।
এদিকে, রোববার ভোর ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি

