ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জর্ডানে শেষ হয়েছে ক্লাসিক প্রিমিয়ার ক্রিকেট (সিপিএল) ২০২৬ সিজন। প্রায় এক মাস ধরে চলা এই টুর্নামেন্টে অংশ নেয় ৪২টি দল। জর্ডান প্রবাসীদের জন্য এটি ছিল অন্যতম বড় ক্রিকেট আয়োজন।
ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলসের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রবাসী খেলোয়াড়রা অংশ নেন। প্রতিবছর কোম্পানিটির নিজস্ব ক্রিকেট স্টেডিয়ামে কর্মীদের জন্য এ ধরনের বড় আয়োজন করা হয়।
কোম্পানির বাংলাদেশি জেনারেল ম্যানেজার ফারুক আহমেদ বলেন, তাদের প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মীই দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের। ক্রিকেট সবারই প্রিয় খেলা হওয়ায় প্রতিবছর এমন আয়োজন প্রবাসী কর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ তৈরি করে।
প্রবাসে এত বড় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এবং এতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান বাংলাদেশি খেলোয়াড়রা।
ফাইনাল ম্যাচে আল হাসান ইলেভেন ৪৬ রানে ফোর স্টার লন্ড্রিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কোম্পানির কর্মকর্তারা।
টুর্নামেন্টের সমাপনী আয়োজনে ছিল জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানও। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনেও অংশ নেন প্রবাসী কর্মীরা।

