
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত। এখন বড় অপেক্ষা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা/BAERA) প্রয়োজনীয় অনুমোদনের। অনুমতি মিললে রিঅ্যাক্টরে শুরু হবে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’, অর্থাৎ নিয়ন্ত্রিত ও স্বয়ংসম্পূর্ণ পারমাণবিক চেইন রিঅ্যাকশন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
প্রকল্প সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর প্রথম ধাপে ১৬ দশমিক ১ এমপিএ (মেগাপ্যাসকেল) পরিচালন চাপ ও ২৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রেখে ১২টি পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তী ধাপে ১৮ দশমিক ৬৫ এমপিএ চাপের পরীক্ষায় প্রাথমিকভাবে সমস্যা দেখা দিলেও পরে সেটিও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে ইউনিট-১-এর কমিশনিং প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।
বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, প্রধান নিয়ন্ত্রণকক্ষ (এমসিআর) ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ (ইসিআর) থেকে পরীক্ষাগুলো পরিচালনা করা হয়। এতে প্রথম ইউনিটের চাপ নিয়ন্ত্রণ ও অতিরিক্ত চাপ কমানোর ব্যবস্থা যাচাই করা হয়েছে। ভালভ খোলা ও বন্ধ হওয়ার সময়, সাড়া দেওয়ার গতি, সতর্কসংকেত এবং বিভিন্ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় চাপ ও তাপমাত্রার তথ্যও পর্যবেক্ষণ করা হয়।
এখন রূপপুরের সামনে বড় মাইলফলক ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। এ পর্যায়ে রিঅ্যাক্টরে নিয়ন্ত্রিত পারমাণবিক চেইন রিঅ্যাকশন শুরু হবে। ফিজিক্যাল স্টার্ট-আপের সময় রিঅ্যাক্টরকে অত্যন্ত কম শক্তিস্তরে পরিচালনা করে এর গুরুত্বপূর্ণ পরামিতি, নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ন্ত্রণ সরঞ্জামের কার্যকারিতা যাচাই করা হবে।
ফার্স্ট ক্রিটিক্যালিটিসহ পুরো ফিজিক্যাল স্টার্ট-আপ প্রক্রিয়ায় প্রায় ৩০ থেকে ৪০ দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়ানো হবে।
এরপর প্রকল্পটি ‘পাওয়ার স্টার্ট-আপ’ পর্যায়ে যাবে। এ সময় রিঅ্যাক্টরের ক্ষমতা ধীরে ধীরে বাড়ানোর পাশাপাশি টারবাইন সিনক্রোনাইজেশন এবং জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হবে। এ পর্যায়ে প্রয়োজন হবে ট্রায়াল অপারেশনাল লাইসেন্সও।
প্রকল্প সংশ্লিষ্টদের মতে, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে রিঅ্যাক্টর, টারবাইন ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সমন্বিতভাবে বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা, গ্রিড-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রথম ইউনিটের সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। চলতি বছরের বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্টরা প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য জানিয়েছিলেন। সাম্প্রতিক প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এখন ডিসেম্বরের শেষ দিকে গ্রিডে বিদ্যুৎ দেওয়ার সম্ভাবনা সামনে এসেছে।
প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মেয়াদ দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয়ও বেড়েছে। বর্তমানে প্রকল্পটির মোট ব্যয় ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা বলে সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে।

