রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বগুড়া জোনাল অফিসে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বগুড়া উত্তর জোনের জোনাল ম্যানেজার রুহুল আমিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. রফিকুর ইসলাম বলেন, ‘আমাদের জীবিকা ব্যাংকের সঙ্গে জড়িত। সবাই তদারকির মাধ্যমে ভালোভাবে কাজ করবেন। কোথাও কোনো সমস্যা থাকলে তা তুলে ধরবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনের জোনাল ম্যানেজার মাহমুদুল আলম, বগুড়া দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার সরোয়ার হোসেন এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিপি ও জিএম শাহীনুর রহমান।
মতবিনিময় সভায় বগুড়া উত্তর ও দক্ষিণ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রম, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করা এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনার ওপর সভায় জোর দেওয়া হয়।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

