মোবাইল অ্যাপের মাধ্যমে মার্চেন্টদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য পরিশোধের সুবিধা দিতে বাংলা কিউআর (Bangla QR) পেমেন্ট সেবা চালু করেছে মেঘনা ব্যাংক পিএলসি। ব্যাংকটির ডিজিটাল পেমেন্ট সেবা মেঘনা-পে (MeghnaPay) অ্যাপের মাধ্যমে এ সুবিধা পাবেন গ্রাহকরা।
সম্প্রতি মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন এ সেবার মাধ্যমে গ্রাহকরা মেঘনা-পে অ্যাপ ব্যবহার করে যেকোনো মার্চেন্টের বাংলা কিউআর কোড স্ক্যান করে স্মার্টফোনের সাহায্যে সরাসরি পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। এতে দৈনন্দিন লেনদেন আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে বলে আশা করছে ব্যাংকটি।
সমন্বিত ডিজিটাল পেমেন্ট সুবিধা সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে মেঘনা ব্যাংকের এ উদ্যোগকে ডিজিটাল লেনদেন ব্যবস্থার সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

