ঢাকার আশুলিয়ার ইয়ারপুরে সাড়ে সাত ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাওনসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র, রামদা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে অভিযান শেষ হয়। এর আগে রাত আড়াইটার দিকে অভিযান শুরু করে পুলিশের একাধিক দল।
আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কাশিমপুর থানার একটি মামলার তদন্ত করতে গিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রটির সন্ধান পাওয়া যায়। তদন্তে অস্ত্রধারী শাওনের পরিচয়ও বেরিয়ে আসে। পরে তাকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শাওন ও তার সহযোগীরা আশুলিয়ার জামগড়ায় মোত্তালেবের বাড়ির একটি আধাপাকা বাসায় ভাড়া থাকত। সেখান থেকেই তারা বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত বলে অভিযোগ রয়েছে।
এসআই রাশেদুজ্জামান জানান, রাত আড়াইটার দিকে বাড়িটি ঘিরে অভিযান শুরু করেন পুলিশের সদস্যরা। এ সময় ভেতরে থাকা ব্যক্তিরা প্রতিরোধ গড়ে তোলেন এবং পুলিশের ওপর একাধিকবার হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পালানোর চেষ্টা করতে গিয়ে অভিযুক্ত ব্যক্তিরা ঘরের তিন থেকে চারটি দরজা ভেঙে ফেলেন। এ সময় এক নারী পোশাকশ্রমিকের গলায় ছুরি ধরার ঘটনাও ঘটে বলে জানান তিনি।
দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার অভিযানের পর শাওনসহ ছয়জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাস্থল থেকে ১০ থেকে ১২টি দেশীয় অস্ত্র, রামদা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা টঙ্গী, বাড়িয়া, জিরাবো, কাশিমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই করতেন বলে অভিযোগ রয়েছে।
আটক অন্য পাঁচজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শাওনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এসআই রাশেদুজ্জামান।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

