সংযুক্ত আরব আমিরাতে দেশীয় খাবারের স্বাদ ছড়িয়ে দিতে যাত্রা শুরু করেছে মনপুরা রেস্টুরেন্টের নতুন শাখা। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি আর্থিক সংকটে থাকা অসহায় প্রবাসীদের বিনামূল্যে খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় নতুন শাখাটির উদ্বোধন করা হয়। এ সময় মালিকপক্ষের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাইফুলসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক নাম এজমির রেস্টুরেন্ট এলএলসি।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংসসহ বিভিন্ন দেশীয় খাবার দিয়ে। এ তালিকায় ছিল ভাত, ভর্তা, ডাল, মাছ ও মুরগির মাংস।
মালিকপক্ষ জানিয়েছে, চাকরির সংকট ও আর্থিক অসচ্ছলতার কারণে সমস্যায় থাকা প্রবাসীদের পাশে দাঁড়াতে বিনামূল্যে খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে রেস্টুরেন্টটির আরও শাখা চালুর পরিকল্পনাও রয়েছে তাদের।
প্রবাসজীবনের ব্যস্ততা ও নানা সংকটের মধ্যে দেশীয় খাবারের স্বাদ দেওয়ার পাশাপাশি অসহায় প্রবাসীদের সহায়তায় প্রতিষ্ঠানটির এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

