গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের শচীন চাকি সড়কে আদর্শ কলেজ সংলগ্ন শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনে এ পূজার আয়োজন করা হয়।

এ উপলক্ষে আশ্রম ও মিশন প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষও কুমারী পূজা দেখতে সেখানে উপস্থিত হন।

এ বছর আশ্রমে কুমারী দেবী হিসেবে পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয় ছয় বছর বয়সী শিশু প্রগতি ভট্টাচার্যকে। সে গাইবান্ধা শহরের মাস্টার পাড়া এলাকার পীযূষ ভট্টাচার্য পলাশ এবং অনামিকা ভট্টাচার্যের মেয়ে। প্রগতি মেরিট কেয়ার স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পূজা চলাকালে ঢাকের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পূজা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

