‘স্কুল একটি পৃথিবী, যেখানে নেই কোনো ভেদাভেদ’ প্রতিপাদ্য সামনে রেখে ইতালির রাজধানী রোমে শিক্ষার অধিকার ও স্কুলের ভবিষ্যৎ রক্ষায় উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ‘রোম ইস্ট টিচার্স নেটওয়ার্ক’ (Rete Docenti Roma Est) আয়োজিত এ সভায় স্থানীয় শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় রোমের মালাতেস্তা এলাকার লার্গো পেরেস্ত্রেল্লোতে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানটি স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের কাছে ‘লালন পার্ক’ নামে পরিচিত।
সভায় স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রবাসী কমিউনিটির সদস্যরা অংশ নেন।
আলোচনায় রোমের স্থানীয় স্কুলগুলোর বিভিন্ন চ্যালেঞ্জ, শিক্ষার পরিবেশের উন্নয়ন এবং সব শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
‘রোম ইস্ট টিচার্স নেটওয়ার্ক’-এর প্রতিনিধিরা বলেন, একটি সুসংগঠিত ও কল্যাণমুখী সমাজ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। স্কুলগুলোর ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং শিক্ষার অধিকার বাস্তবায়নে শুধু শিক্ষক নয়, অভিভাবক, স্থানীয় সমাজ ও পুরো কমিউনিটিকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
সভায় অংশ নেওয়া অভিভাবক ও কমিউনিটি নেতারা উদ্যোগটিকে সময়োপযোগী বলে অভিহিত করেন। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

