সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও কথা বলার অধিকারের পথে বাধা সৃষ্টি করছে।
গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, দেশে গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী রমজানে দ্রব্যমূল্য কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
নাহিদ ইসলামের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে মানুষের কথা বলার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গাজীপুরের সিফাতসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনার কারণে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান এনসিপির এই নেতা।
এ সময় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানো হয়নি বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে সব পেশার মানুষের বেতন ও আয়বৃদ্ধির মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

