
কুমিল্লার দাউদকান্দিতে ৪৮ কেজি গাঁজাসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. দুলাল (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা-গোমতী টোল প্লাজায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটিতে থাকা দুটি চটের বস্তা থেকে ১২টি পোটলায় মোড়ানো ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় চার কেজি করে গাঁজা ছিল।
গ্রেপ্তার মো. দুলাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর (মিস্ত্রি বাড়ি) এলাকার মইনুল ইসলামের ছেলে। জব্দ করা মিনি কাভার্ড ভ্যানটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-১১-৪৫১৩।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

