নীলফামারীর সৈয়দপুরে একটি চিপস কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটিতে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার, লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানোর অভিযোগের সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকার আলমগীর চিপস কারখানায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন। এ সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নীলফামারী জেলা সভাপতি আল আমিন উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, কারখানাটিতে চিপস তৈরিতে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানোর অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে তার সত্যতা মেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। কারখানার মালিক আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন বলে জানান শিহাব উদ্দিন।

