
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার সুন্দলপুর সাউথ-১ কূপ থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত সুন্দলপুর সাউথ-১ কূপে খননকাজ শেষে গ্যাসের উপস্থিতি শনাক্ত করা হয়। তবে ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শেষে কূপটির গ্যাসের প্রকৃত মজুত ও উত্তোলন সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হতে পারে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সম্ভাবনা নিশ্চিত হলে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ডিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ চলছিল। সোমবার দুপুরে খনন শেষে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত উত্তপ্ত হাওয়ার কারণে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে পুনরায় আগুনের শিখা জ্বালানো হবে।

