
পাবনায় বজ্রপাতে নিহত ছয়জনের শোক কাটতে না কাটতেই স্বজনদের মধ্যে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। কবর থেকে কঙ্কাল চুরির আশঙ্কায় প্রিয়জনদের কবর রাত জেগে পাহারা দিচ্ছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে চলছে এই পাহারা।
স্বজনরা জানান, শুধু রাত জেগে কবর পাহারা দেওয়াই নয়, এ আতঙ্কে বাড়িতেও স্বস্তিতে থাকতে পারছেন না তারা। প্রিয়জনদের কবরের নিরাপত্তা নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। এ পরিস্থিতিতে প্রশাসনের উদ্যোগে কবরস্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং স্থায়ী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।
গত ৩০ অক্টোবর পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিল এলাকায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
পরদিন বাসুদেবপুর কবরস্থানে তাদের দাফন করা হয়। এরপর থেকেই কবর থেকে কঙ্কাল চুরির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন নিহতদের স্বজনরা। সেই উদ্বেগ থেকেই প্রতিদিন রাতভর কবর পাহারা দিচ্ছেন তারা।
নিহতদের স্বজনরা বলেন, একই পরিবারের চারজনকে হারিয়ে তারা এখন নিঃস্ব। একদিকে পরিবারের অন্য সদস্যদের সান্ত্বনা দিতে হচ্ছে, অন্যদিকে রাতভর পাহারা দিতে হচ্ছে সন্তানদের কবর। তাদের দাবি, কবরগুলোর নিরাপত্তায় প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
স্বজনদের ভাষ্য, মাঝেমধ্যে বজ্রপাতে নিহত ব্যক্তিদের মরদেহ কবর থেকে চুরির খবর শোনা যায়। এখানে একসঙ্গে ছয়টি কবর থাকায় তাদের আতঙ্কও বেশি। কবরগুলো পাকা করে বাঁধাই করে দেওয়া হলে কিছুটা হলেও দুশ্চিন্তা কমবে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, কবরস্থানের নিরাপত্তা নিয়ে স্বজনদের উদ্বেগের বিষয়টি জানার পর সেখানে পুলিশের বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। সদর থানার বিট কর্মকর্তাকে নিয়মিত কবরস্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

