হাজারো মুসল্লির অংশগ্রহণে যুক্তরাজ্যের কভেন্ট্রিতে সম্পন্ন হয়েছে বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ হাফেজ ক্বারী আমির হোসেনের দাফন। শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত পরিবেশে তাঁকে তাঁর স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা কভেন্ট্রির ঈগল স্ট্রিটের নুরুল ইসলাম জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লি অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের নাতি মাওলানা হামজা খান।
জানাজার আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মরহুমের মেজো ছেলে মাওলানা শাকির আহমেদ। এ সময় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মরহুমের কর্মময় জীবনে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তাঁর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনাও করেন তিনি।
জানাজা শেষে কভেন্ট্রির লেন্টন লেন সিমেট্রির মুসলিম কবরস্থানে তাঁকে তাঁর স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়।
মরহুমের বড় ছেলে চৌধুরী হাফিজ আহমেদ এবং জামাতা সাংবাদিক নোমান রাজা পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় কভেন্ট্রিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন শায়খ হাফেজ ক্বারী আমির হোসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দ্বীনি শিক্ষা ও সমাজসেবায় অবদান
শায়খ হাফেজ ক্বারী আমির হোসেন তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে মৌলভীবাজারের সম্পাশীতে প্রতিষ্ঠা করেন সম্পাশী নেছারুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা। প্রতিষ্ঠানটিতে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
১৯৮০-এর দশকে যুক্তরাজ্যে যাওয়ার পরও তিনি দ্বীনি খেদমত অব্যাহত রাখেন। কভেন্ট্রির প্রথম মসজিদ ঈগল স্ট্রিটের নুরুল ইসলাম জামে মসজিদে টানা ২৫ বছর ইমামতি ও ইসলামি শিক্ষাকার্যক্রম পরিচালনা করেন। সে সময় মসজিদটি ছিল কভেন্ট্রির সব মুসলিম কমিউনিটির একমাত্র মসজিদ।
পরবর্তী সময়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে শাহজালাল জামে মসজিদ প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মসজিদটি প্রতিষ্ঠার পর সেখানে দীর্ঘদিন ইমামতি ও ইসলামি শিক্ষাকার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে হাফেজে কোরআন হিসেবে গড়ে তুলেছেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ
মৌলভীবাজারের সম্পাশী নেছারুল কোরআন হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা এবং অসংখ্য হাফেজের উস্তাদ আল্লামা হাফেজ আমির হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক যৌথ শোকবার্তায় শোক ও সমবেদনা জানানো হয় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।
শোকবার্তায় স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সংগঠনের পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, পৃষ্ঠপোষক ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, উপদেষ্টা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপারসন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সাবেক সদস্যসচিব ড. মুজিবুর রহমান, কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক এম আসরাফ মিয়া, কোষাধ্যক্ষ মিসেস হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্যসচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।
শোকবার্তায় বলা হয়, আল্লামা হাফেজ আমির হোসেন চৌধুরী (রহ.) জীবনের সিংহভাগ সময় ব্যয় করেছেন পবিত্র কোরআনের খেদমতে। মৌলভীবাজারের সম্পাশীতে প্রতিষ্ঠিত তাঁর মাদরাসা থেকে গত কয়েক দশকে হাজার হাজার শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছেন। তাঁর হাতে গড়া হাফেজে কোরআনরা বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ইসলাম ও কোরআনের শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ডওয়াইডের ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, কিছু মানুষ চলে গেলেও তাঁদের স্মৃতি হৃদয়ের গভীরে থেকে যায়। সিলেট বিভাগের বিশিষ্ট আলেম, হাফেজে কোরআন গড়ার রূপকার ও ধর্মপ্রাণ মানুষের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা হাফেজ আমির হোসেন চৌধুরী ছিলেন সদা হাস্যোজ্জ্বল, সহজ-সরল, সাদামাটা, পরোপকারী ও মানবিক মানুষ। মানুষের বিপদে-আপদে তিনি সবার আগে এগিয়ে আসতেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় আলোকিত করার পাশাপাশি এতিম ও অসহায় শিশুদের আশ্রয়ের ঠিকানা ছিলেন মরহুম। শিক্ষকতা ও সমাজসেবার মাধ্যমে তিনি এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মোহাম্মদ মকিস মনসুর বলেন, তাঁর মৃত্যুতে মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর প্রয়াণে সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা এবং দেশ-বিদেশের ইসলামি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

