গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত দুইটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে দুই ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অপরদিকে একই দিন ভোরে একই মালিকের আরেকটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে, পৃথক দু’টি স্থানে এক মালিকের দুটি পরিত্যক্ত বাসে আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত দু’টি বাসের মালিক সজল মিয়া বলেন, আমার দু’টি বাস মেরামতের জন্য দুই স্থানে রাখা হয়েছে। সকালে এক গাড়িতে আগুন দিয়েছে। আবার সন্ধ্যায় আরেকটি বাসে আগুন।তবে কারা আমার এমন ক্ষতি করলো আমার জানা নেই।
কালিয়াকৈর ফায়ার স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, একই দিনে পৃথক সময়ে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পৃথক দু’টি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে বাস দু’টি একই মালিকের। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিকল্পিত ঘটনা কিনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

