
নোয়াখালীর সদর উপজেলায় মাইসা ইলহান নুয়া (৭) নামে এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে একটি বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মরদেহে আঘাতের চিহ্ন কিংবা হত্যাকাণ্ড বা ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহত নুয়া জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদরাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।
নিহতের মেঝো চাচা আলতাফ হোসেন জানান, তাদের বাড়ি সদর উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের নয়নপুর গ্রামে। বাড়ির পাশেই সদর উপজেলার মাহতাপুর গ্রামের নূরানী মাদরাসায় পড়াশোনা করত নুয়া।
তিনি বলেন, সোমবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যায় নুয়া। দুপুরে বিরতির সময় বাড়িতে ফিরে খাবার খেয়ে আবার মাদরাসায় চলে যায়। পরে বিকেলে মাহতাপুর গ্রামের একটি বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ড বা ধর্ষণেরও কোনো আলামত মেলেনি।
ওসি আরও জানান, শিশুটির দাঁত কামড়ানো অবস্থায় ছিল এবং মুখ দিয়ে লালা বের হচ্ছিল। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

