
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আশপাশের হোটেল ও রিসোর্টে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে শহরের কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত পরে জানা যাবে।
ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

