
পাকিস্তানে পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সোমবার রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহবায়ক ড. সাজিয়া সোবিয়া আসলাম সোমরু এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

স্পিকার ২৪ থেকে ২৮ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। সংসদীয় প্রতিনিধি দলে স্পিকারের সঙ্গে আরও রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।


