
নেপালের বন্যাবিধ্বস্ত এলাকা পুনর্গঠনের জন্য ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ দিলো ভারত। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ভারত সফরে এসেছেন। সোমবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরই নেপালকে ১৫ হাজার কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ দেওয়ার কথা ঘোষণা করেন মোদি।

নেপালের ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ সম্পর্কে নরেন্দ্র মোদি বলেছেন, ”আমি বলেন্দ্র শাহকে প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর প্রথম ভারত সফরে অভ্যর্থনা জানাতে পেরে আনন্দিত। কয়েক মাস আগে জাতিসংঘে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দেওয়া ভাষণেই আমরা তাঁর স্পষ্ট ভিশন ও নেপালের ভবিষ্যৎ ও ভারত-নেপাল সম্পর্ক নিয়ে তাঁর দায়বদ্ধতার পরিচয় পেয়েছি।”
নরেন্দ্র মোদি বলেছেন, ”ভারত ও নেপাল শুধু প্রতিবেশী দেশ নয়, দুই দেশ একটা গভীর সম্পর্ক, বিশ্বাস ও বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। আমাদের দুই দেশের চ্যালেঞ্জও এক। আমরা সবসময় একে অপরের সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছি। নেপালের পুনর্গঠন ও উন্নয়নের জন্য আমরা নেপালি মুদ্রায় ২৪ হাজার কোটির সহায়তা প্যাকেজের কথা ঘোষণা করছি।”
বলেন্দ্র শাহ বলেছেন, ”নেপাল ও ভারতের মধ্যে সম্পর্ক হিমালয়সম, এটা সমুদ্রের মতো বিশাল। ভারত হলো ভরসাযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী। প্রাকৃতিক বিপর্যয়ের মতো কঠিন সময়ে তারা সবসময় নেপালের পাশে থেকেছে।

