
যুক্তরাষ্ট্রের শিকাগোর ঐতিহাসিক উইলিস টাওয়ারের পাদদেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ঐতিহাসিক শিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলিস টাওয়ার)-এর পাদদেশে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া’ নামে এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই ঐতিহাসিক নামকরণের উদ্বোধন করেন শিকাগো সিটির অল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, “বেগম খালেদা জিয়া কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি; তাঁর রাজনীতির মূলমন্ত্র ছিল গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষা। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন, কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনো আপস করেননি। আর সেই কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া তাঁর জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন—ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। শিকাগোর মতো বিশ্বখ্যাত নগরীর বুকে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক গৌরবের মুহূর্ত।”

