
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন্সকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ও কেওক্রাডং বাংলাদেশ (কেবি)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫’। এই বৃহৎ উদ্যোগে সমুদ্রের বর্জ্য অপসারণের পাশাপাশি স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা হয়।
এই কার্যক্রমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় অধিবাসীদের থেকে আসা প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। তারা সেন্ট মার্টিনের সৈকত থেকে প্রায় ১,৮৫০ কিলোগ্রাম সমুদ্র বর্জ্য সংগ্রহ করেন। সংগৃহীত বর্জ্যের মধ্যে প্লাস্টিকের বোতল, মোড়ক এবং পরিত্যক্ত মাছ ধরার জাল উল্লেখযোগ্য। পরে এই বর্জ্য পরিবেশবান্ধব উপায়ে অপসারণের জন্য মূল ভূখণ্ডে নিয়ে আসা হয়।
ইউনিলিভার বাংলাদেশের পরিচালক শামিমা আক্তার বলেন, তারা বাজারে যত প্লাস্টিক দেন, তার চেয়ে বেশি পরিবেশ থেকে অপসারণে কাজ করছেন। কেওক্রাডং বাংলাদেশের কো-অর্ডিনেটর মুনতাসির মামুন পরিবেশ সংরক্ষণে ইউনিলিভারের এই অংশীদারত্বকে স্বাগত জানান। আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ অনিয়ন্ত্রিত বর্জ্য ও পর্যটনের চাপজনিত ঝুঁকি কমাতে ভূমিকা রাখবে।



