
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে দেশে প্রবেশ করেছেন। বর্তমানে তিনি ঢাকার উদ্দেশ্যে পথে রয়েছেন। গত ৫৫ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠালো নয়াদিল্লি।
এর আগে, গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে এই পদে নিয়োগ দেওয়া হয়। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন শেষে সম্প্রতি ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন। দীনেশ ত্রিবেদীর এই আগমন দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।



