দীর্ঘ তিন দশকের প্রবাস জীবনের এক অনন্য পরিণতি হিসেবে বাংলাদেশ ও মালদ্বীপের দুই পরিবারের মধ্যে গড়ে উঠেছে আত্মীয়তার নতুন বন্ধন। বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মালদ্বীপের এক যুবক, যা দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির এক চমৎকার দৃষ্টান্ত হয়ে উঠেছে।
জানা যায়, জীবিকার সন্ধানে প্রায় তিন দশক আগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার শাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রাম থেকে মালদ্বীপে পাড়ি জমান মো. নুরুজ্জামান। দীর্ঘ প্রবাস জীবনে তিনি মালদ্বীপের সমাজ ও সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হয়ে ওঠেন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি মালদ্বীপের নাগরিক আজিজা আব্দুল্লাহর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র কন্যা আয়েশাত নূরানুর। মালদ্বীপেই তাঁর বেড়ে ওঠা, শিক্ষা ও কর্মজীবনের পথচলা।
কর্মসূত্রে নূরানুরের পরিচয় হয় মালদ্বীপের সিভিল এভিয়েশনের কর্মকর্তা মায়জু নিজামের সঙ্গে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আন্তরিকতার ভিত্তিতে পরবর্তীতে দুই পরিবারের পূর্ণ সম্মতিতে তাদের এই সম্পর্ক বিবাহবন্ধনে রূপ নেয়।
উভয় পরিবারের সদস্যরা মনে করেন, এই বিয়ে শুধু দু’টি মানুষের মিলন নয়; বরং বাংলাদেশ ও মালদ্বীপের দুই সংস্কৃতি, ঐতিহ্য এবং পারিবারিক মূল্যবোধের এক অপূর্ব সংযোগ। এই আত্মীয়তার বন্ধন ভবিষ্যতে বাংলাদেশ ও মালদ্বীপের জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং মানবিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

