
নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আলোচিত জোবায়ের হোসেন রাকিব (২৩) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার (৫ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, শনিবার (৪ জুলাই) ঢাকার রামপুরা ও বাড্ডা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের মো. রফিকের ছেলে সুমন এবং একই গ্রামের আলী আহমেদের ছেলে পিয়াস। অন্যদিকে নিহত রাকিব ওই গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন বিপণিবিতানে (শপিংমল) কর্মরত ছিলেন।
র্যাব জানায়, খানপুর গ্রামে নিহত রাকিবের বাবা ও চাচা পারিবারিকভাবে নিজেদের পৈতৃক জায়গায় একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজ চলাকালে গ্রেপ্তারকৃত আসামিরা রাকিবের পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিদের সঙ্গে তাঁর তীব্র বাকবিতণ্ডা হয়।
এরই জেরে গত ৩০ মে রাতে রাকিব বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে শরীফপুর ইউনিয়নের পাকমুন্সিরহাট এলাকায় তাঁর পথরোধ করে আসামিরা। সেখানে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাকিবের মা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে র্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

