মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের পর প্রায় ২০ বছর ধরে অব্যবস্থাপনা ও দুর্গন্ধে ভোগা আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটিকে দুর্গন্ধমুক্ত ও দৃষ্টিনন্দন করতে ব্যাপক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হয়েছে।
গত ৭ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিন বাজার-হেমায়েতপুর সড়কের পাশের ময়লার ভাগাড় ও তীব্র দুর্গন্ধ তাঁর দৃষ্টিগোচর হয়। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ঢাকা জেলা প্রশাসককে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ করে এলাকাটিকে দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের নির্দেশ দেন।
চলমান এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য আজ শনিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করেন। তাঁরা কাজের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশ থেকে অবৈধ ময়লা অপসারণ করে ল্যান্ডফিলে নেওয়া হচ্ছে। বালি ও মাটি দিয়ে রাস্তার দুই পাশ ভরাট করে ঢাল তৈরি করা হচ্ছে। সড়কের সৌন্দর্য বাড়াতে রাস্তার দুই পাশে নিম, সুপারি ও নারিকেল গাছ রোপণ করা হবে। নতুন করে যাতে কেউ ময়লা ফেলতে না পারে, সে জন্য উঁচু বেড়া নির্মাণসহ নিয়মিত নজরদারি জোরদার করা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পরিবেশ দূষণ কমে জনসাধারণের চলাচল আরামদায়ক ও স্বাস্থ্যসম্মত হবে।

