
ব্রাজিল থেকে প্রত্যর্পণের পর বাংলাদেশি নাগরিক সাইফুল্লাহ আল-মামুন (৩৯) টেক্সাসের লারেডোতে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে প্রথমবারের মতো হাজির হয়েছেন। আন্তর্জাতিক মানবপাচার চক্রের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ থেকে অবৈধভাবে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে পাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আদালতের নথি অনুযায়ী, আল-মামুন এবং তাঁর দুই সহ-অভিযুক্ত মোহাম্মদ মিলন হোসেন (৪৬) ও মোক্তার হোসেন (৩৮) দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও মেক্সিকো রুট ব্যবহার করে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশে সহায়তা করতেন।
অভিযোগে বলা হয়, আল-মামুন ব্রাজিলের সাও পাওলোতে অভিবাসীদের আশ্রয় দিয়ে তাঁদের পরবর্তী যাত্রার ব্যবস্থা করতেন। এরপর মোহাম্মদ মিলন হোসেন মেক্সিকোর তাপাচুলায় তাঁদের রাখতেন এবং মন্টেরেতে পৌঁছানোর ব্যবস্থা করতেন। সবশেষে মোক্তার হোসেন মন্টেরেতে অভিবাসীদের ট্রানজিট দিয়ে কীভাবে ‘রিও গ্র্যান্ডে’ নদী পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে, সে বিষয়ে দিকনির্দেশনা দিতেন। এই ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করতে গিয়ে অনেক অভিবাসী চরম বিপদের মুখে পড়েন।
তদন্তে জানা গেছে, এই চক্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বাংলাদেশে অবস্থানরত দালালদের কাছে অনেক অভিবাসী কয়েক হাজার থেকে শুরু করে দশ হাজার ডলার পর্যন্ত পরিশোধ করেছিলেন। আল-মামুনকে ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্রাজিলে গ্রেপ্তার করা হয়। এর আগে একই মামলায় অভিযুক্ত মোহাম্মদ মিলন হোসেন ও মোক্তার হোসেন আদালতে নিজেদের দোষ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে ৪৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সাইফুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আর্থিক লাভের উদ্দেশ্যে অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আনা, এ কাজে ষড়যন্ত্র এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে প্ররোচনা ও সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আর্থিক লাভের উদ্দেশ্যে অভিবাসী পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর ন্যূনতম ৫ বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ষড়যন্ত্রের অভিযোগে হতে পারে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড।
উল্লেখ্য, এই আন্তর্জাতিক চক্রটির মামলাটি যৌথভাবে তদন্ত করছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (এইচএসআই), যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং ব্রাজিল ও কলম্বিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। ব্রাজিল থেকে আল-মামুনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে মার্কিন বিচার বিভাগের ‘অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে প্রসিকিউটররা জানিয়েছেন, আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনি প্রথা অনুযায়ী আল-মামুন নির্দোষ বলে গণ্য হবেন।

