২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ফেররান তরেসের জয়সূচক গোলে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপজয় নিশ্চিত হয়। ম্যাচ শেষে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কিছু সিদ্ধান্ত, বিশেষ করে এনসো ফার্নান্দেসের বিতর্কিত প্রথম হলুদ কার্ড ও পরবর্তীতে লাল কার্ড নিয়ে সমর্থকদের তীব্র ক্ষোভ থাকলেও, রেফারির ওপর কোনো দায় চাপাতে রাজি নন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে স্কালোনি স্পষ্ট জানান যে, রেফারির ভুল সিদ্ধান্তে নয়, বরং স্পেনের শ্রেয়তর ফুটবলের কাছেই হেরেছে তাঁর দল। স্কালোনি বলেন, “রেফারিং কি অন্যায় ছিল? একদমই না। আমরা হেরেছি কারণ স্পেন আমাদের চেয়ে অনেক ভালো দল হিসেবে খেলেছে। আমাদের এটা স্বীকার করতেই হবে যে তারা দারুণ খেলেছে। এই হার থেকে শেখা এবং তা মেনে নেওয়া দীর্ঘমেয়াদে আমাদের আরও ভালো দলে পরিণত করবে।”তিনি আরও যোগ করেন যে, টানা খেলার ধকল এবং ক্লান্তির কারণে দল ফাইনালে নিজেদের শতভাগ দিতে পারেনি। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের চোটও দলকে বড় ধাক্কা দিয়েছিল। পুরো ফাইনাল জুড়েই স্পেনের আধিপত্যের চিত্র ফুটে ওঠে পরিসংখ্যানে, বিশ্বকাপের ইতিহাসেই প্রথমবার নির্ধারিত ৯০ মিনিটে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা। ১১৭ মিনিটে গিয়ে লিওনেল মেসি আর্জেন্টিনার পক্ষে প্রথম শটটি নেন, যা পুরো ম্যাচে তাদের মাত্র ২টি শটের একটি ছিল।
ম্যাচের আগেই রেফারি স্লাভকো ভিনচিচের নিয়োগ নিয়ে বেশ আতঙ্কিত ছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা। এর পেছনে ফুটবলীয় যুক্তির চেয়ে অলৌকিক ‘কুসংস্কার’ বা কুফা হিসেবেই তাঁকে দেখছিলেন ভক্তরা। কারণ, ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ও অপ্রত্যাশিত হারের ম্যাচটিতেও দায়িত্বে ছিলেন এই ভিনচিচ।
অন্যদিকে, ভিনচিচের পরিচালনায় স্পেন কখনো কোনো ম্যাচ হারেনি (যার মধ্যে ইউরো ২০২৪-এর সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর ম্যাচটিও অন্তর্ভুক্ত)। যদিও ২০২২ সালের সেই ম্যাচে আর্জেন্টানকে শুরুতেই পেনাল্টি দিয়েছিলেন ভিনচিচ এবং সৌদির ৬ খেলোয়াড়কে কার্ড দেখিয়েছিলেন, তবুও ভক্তদের মন থেকে সেই অলক্ষুণে ভীতি দূর হয়নি।

