
দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সংলাপ, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ভারতের বিহারে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬’। ‘অল ইন্ডিয়া জার্নালিস্ট ইউনিয়ন’ (এআইজেইউ)-এর উদ্যোগে মুঙ্গেরের জামালপুরে দিনব্যাপী এ সম্মেলন আয়োজিত হয়।
সংগঠনটির সর্বভারতীয় সভাপতি রঞ্জিত সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যসভার সদস্য ড. ভীম সিং। ড. ভীম সিং বলেন, নিরপেক্ষ তথ্য পরিবেশনই সাংবাদিকদের মূল লক্ষ্য এবং এই আঞ্চলিক ঐক্য গণতন্ত্রকে শক্তিশালী করবে।
সম্মেলনে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপুল সংখ্যক সাংবাদিক অংশ নেন। সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি রাজু লামা প্রেস স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং আঞ্চলিক মিডিয়া ক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সার্ক জার্নালিস্ট ফোরামের মহাসচিব আব্দুর রহমানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এ আয়োজন দক্ষিণ এশিয়ার মিডিয়ায় নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
