
ফেনীর ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পরশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে প্রকল্পটির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন। এরপর নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। এ সফরে তিনি পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরশুরামে পৌঁছালে স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।
‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গত ১৬ জুন প্রকল্পটি অনুমোদন দেয়। প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।
প্রকল্পটির আওতায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও পুনর্বাসনের কাজ করা হবে। দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় এমন একটি প্রকল্পের দাবি ছিল স্থানীয়দের।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রকল্পের উদ্বোধনস্থল পরিদর্শন করে প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।

