
এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদকও জিততে পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ পদকের ম্যাচে মাত্র ১০২ রানে অলআউট হয়েছে লিটন দাসের দল। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে সব উইকেট হারায় বাংলাদেশ। ফলে এবারই প্রথম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় দলটি। অধিনায়ক লিটন দাস গত ম্যাচে করেছিলেন ২ রান। আজ আরও হতাশ করেছেন তিনি। ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন লিটন।
এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং। চারজন ব্যাটার কোনো রান না করেই ফিরেছেন। একের পর এক বাজে শটে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। ৯ নম্বরে ব্যাট করতে নেমে দলের সংগ্রহ একশ পেরিয়ে দেন তিনি। ইয়াসির আলী রাব্বি করেন ২১ এবং পারভেজ হোসেন ইমন করেন ২০ রান।
শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুসারা, থারিন্দু রত্ননায়েকে, বিজয়াকান্ত বিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। দুই প্রান্তে স্পিন দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। প্রথম চার ওভারের মধ্যেই ২১ রানে চার উইকেট হারায় লঙ্কানরা।
পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে একাদশে না থাকা আলিস আল ইসলাম এ ম্যাচে সুযোগ পেয়েই বল হাতে কার্যকর ছিলেন। প্রথম স্পেলে ৩ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। তার ১৮ বলের মধ্যে ১২টিই ছিল ডট বল।
স্পিনার শেখ মেহেদী হাসানও ছিলেন কার্যকর। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। তবে ম্যাচের শেষ দিকে শ্রীলঙ্কার ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ সামলাতে পারেনি বাংলাদেশ।
১৩ ওভার পর্যন্ত নিয়ন্ত্রণে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে ১৪তম ওভারে মুস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন লিটন। প্রথম ওভারেই ২৫ রান দেন বাঁহাতি এই পেসার। প্রথম দুই বলেই চার মারেন শ্রীলঙ্কার ব্যাটাররা। ওই ওভারের পর থেকেই সাহান আরচিগে ও থারিন্দু রত্ননায়েকে স্বাভাবিক স্ট্রোক খেলতে শুরু করেন।
দুই ওভার বিরতি দিয়ে মুস্তাফিজকে আবার আক্রমণে আনেন লিটন। দ্বিতীয় ওভারে ১১ রান দেন তিনি। রিশাদ হোসেনও নিজের শেষ ওভারে ২১ রান দেন। ফলে ১৩ থেকে ১৮ ওভারের মধ্যে ৮৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা।
১৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৪৭ রান। এরপর নিজের তৃতীয় ওভারে ফিরে কিছুটা ছন্দে ফেরেন মুস্তাফিজ। প্রথম বলেই হাফসেঞ্চুরি পূর্ণ করা থারিন্দু রত্ননায়েকেকে ফেরান তিনি। ৩২ বলে ৬৫ রান করেন থারিন্দু। ওই ওভারে আরও একটি উইকেট নেন মুস্তাফিজ এবং খরচ করেন ৭ রান।
ইনিংসের শেষ ওভারে সাইফ হাসান দুটি উইকেট নিলে ৯ উইকেটে ১৬৫ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। এরপর বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে ৬৩ রানের জয় পেয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে শ্রীলঙ্কা।

