বিভিন্ন খাতের ৮০টি স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬ শেষ হয়েছে। মেলায় চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, জীবনবৃত্তান্ত জমা, সাক্ষাৎকার দেওয়া এবং ক্যারিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শেষ হওয়া এ মেলায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও অ্যালামনাই ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল নেসলে, বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)।
ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস (ওসিএসএআর) এ মেলার আয়োজন করে।
কর্মজীবনে ধৈর্য ও সততার ওপর গুরুত্ব
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মাসুদ খান। তিনি বলেন, “কর্মজীবন একটি ম্যারাথন দৌড়ের মতো। এখানে কোনো শর্টকাট নেই। আপনাকে ধৈর্য ধরতে হবে।”
শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের উৎকর্ষ, সততা ও দায়িত্ববোধের পাশাপাশি নিয়মিত নতুন দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। চাকরিপ্রার্থীদের নিয়োগদাতা প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেওয়া, তাদের চাহিদা বোঝা এবং সাক্ষাৎকারে নিজেদের বিশেষ যোগ্যতা তুলে ধরার পরামর্শও দেন মাসুদ খান।
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অর্জিত জ্ঞানই শিক্ষার্থীদের ভিত্তি। পাঠ্যবই ও গবেষণায় প্রকাশিত জ্ঞান বাস্তব জগতের অভিজ্ঞতা থেকে এসেছে। তাই শেখা বিষয়গুলোই জ্ঞান অর্জনের ভিত্তি হিসেবে কাজ করে।
মানবিক দক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ দক্ষতা না থাকলে অন্যদের যথাযথভাবে মূল্যায়ন করা সম্ভব নয়, একই সঙ্গে সহমর্মিতাও হারিয়ে যেতে পারে।
ভবিষ্যৎ নেতৃত্ব ও কর্মজীবনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা
ক্যারিয়ার মেলার দ্বিতীয় দিনে ‘ফ্রম আর্লি ক্যারিয়ার টু ফিউচার লিডার: বিল্ডিং আ ক্যারিয়ার দ্যাট ক্রিয়েটস ইমপ্যাক্ট’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বর্তমান ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর রুপালী হক চৌধুরী এক সন্ন্যাসীর গল্প তুলে ধরেন। প্রতিদিন ভোরে থালা-বাসন ধোয়ার একঘেয়ে কাজের মধ্যেও ওই সন্ন্যাসী নিজের কাজের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন। তিনি মনে করতেন, তার কাজ অন্যদের সুস্থ থাকতে সহায়তা করছে।
ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, কর্মজীবনে নানা চ্যালেঞ্জ আসবে। কখনো হতাশা, কখনো প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হবে। তবে এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কঠিন সময় মানুষকে আরও শক্তিশালী করে তোলে।
তিনি আরও বলেন, কর্মজীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো নিজের কাজ পরিচালনা থেকে একটি দল পরিচালনা এবং পরবর্তী সময়ে অন্যদের পরিচালনার দায়িত্ব নেওয়া।
আলোচনাটি সঞ্চালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির মানবসম্পদ বিভাগের পরিচালক শাহরিয়ার সাঈদ। তিনি বলেন, কর্মক্ষেত্রে প্রাসঙ্গিক থাকতে নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নতুন পদ্ধতিও শিখতে হবে। তবে আগামী দুই, তিন কিংবা পাঁচ বছরে কর্মক্ষেত্রের পরিস্থিতি কেমন হবে, তা অনুমান করা কঠিন।
সুশাসন ও কর্মপরিবেশ বিবেচনার পরামর্শ
মেলার দ্বিতীয় দিনের ‘মিট দ্য সিইও’ সেশনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।
তিনি বলেন, কোনো ব্যাংকে যোগ দেওয়ার আগে প্রতিষ্ঠানটির সুশাসন ও সামগ্রিক কর্মপরিবেশ বিবেচনা করা জরুরি।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধির গতি কমছে এবং মূল্যস্ফীতি বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিজেদের ও বাবা-মায়ের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে।
মেলার বিভিন্ন সেশনে আরও বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান দাউদ সামস, ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার শারমিন সুলতান ও চিফ সলিউশনস আর্কিটেক্ট শাহ আলী নেওয়াজ তপু, আইএইচএইচ হেলথকেয়ারের এইচআর অ্যান্ড অপারেশন্স বিভাগের পরিচালক তৌফিকা ইরফান এবং প্রিমিয়াম সুইটসের মানবসম্পদ বিভাগের প্রধান শাহরিয়ার রহমান।
তারা নিজেদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবনের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিভিন্ন পরামর্শ দেন।

