বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে কৈচড় একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকদুর্গা বেলগাড়ী একাদশ। শুক্রবার বিকেলে কৈচড় বিট স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় টাইব্রেকারে ৬-৫ গোলে জয় পায় চকদুর্গা বেলগাড়ী একাদশ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গড়তে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়। তিনি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে কে এম খায়রুল বাশার, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহুরুল আলম এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার সিফাত।
ফাইনাল ম্যাচে দুই দলের মধ্যে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ৬-৫ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে চকদুর্গা বেলগাড়ী একাদশ। ফাইনালে নৈপুণ্য দেখিয়ে দলটির খেলোয়াড় বায়েজিদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
খেলা পরিচালনা করেন শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসেদ। সার্বিক পরিচালনায় ছিলেন কামাল হোসেন।
আয়োজকেরা জানান, তরুণদের মাঠমুখী করা, পারস্পরিক সম্প্রীতি বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চায় উৎসাহ জোগাতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

