কুমিল্লার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। এসময় তাঁর সাথে ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। শনিবার সন্ধ্যায় কুমিল্লার নানুয়া দিঘির পাড়ের পূজা মন্ডপে গিয়ে তিনি পূর্ণার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক অবস্থার খোঁজখবর নেন।
আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, আমি চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছি। কোথাও অস্বাভাবিক কোন কিছু চোখে পড়েনি। মানুষ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে দূর্গোৎসব পালন করছেন।

তিনি আরও বলেন, আমরা দুর্গোৎসবকে নির্বিঘ্ন রাখার জন্য এক মাস আগে থেকেই কাজ শুরু করেছিলাম। পুরো চট্টগ্রাম রেঞ্জ জুড়েই বিগত এক মাস ধরে কিশোর গ্যাং বিরোধী অভিযান, মাদকবিরোধী অভিযান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এরপর প্রতিমা বানানো শুরু হওয়ার পর নিয়মিত বাহিনীগুলো কাজ করা শুরু করে, এমনকি প্রতিমা পরিবহনের সময় ও তারা সহযোগিতা করে।
পূজার আগামী দিনগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো ছক অনুযায়ী নিরাপত্তা বাহিনী ২৪ ঘন্টা কাজ করবে উল্লেখ করে চট্টগ্রামের ডিআইজি বলেন, আমাদের পুলিশের কাছে বডি ওর্ন ক্যামেরা রয়েছে এবং জেলা পর্যায়ের কন্ট্রোল রুমগুলো কেন্দ্র থেকে মনিটর করা হচ্ছে। আমরা উৎসবমুখর পরিবেশেই এবারের দুর্গোৎসব শেষ করতে পারবো।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
এবার কুমিল্লা জেলায় মোট ৮৪৯টি পূজা মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে ২০৫ টি মন্ডপকে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।

