ফয়সল মনসুর, কার্ডিফ
যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের বিশিষ্ট আলেম, বায়তুল আমান জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল মতিনের (রহ.) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
মাওলানা আব্দুল মতিনের জানাজার নামাজে হাজারো মানুষ অংশ নেন। আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মতিন ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (রহ.) ঘনিষ্ঠ শাগরিদ। তিনি দীর্ঘ ৩০ বছর ব্রাডফোর্ডের বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
জানাজায় উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের কেন্দ্রীয় কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ হাসান চৌধুরী ফুলতলী, দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী, সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকী, হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদ উল হক এবং লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মাওলানা আশরাফুর রহমান।
এ ছাড়া আনজুমানে আল ইসলাহ গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা হেলাল উদ্দিন ও সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খানসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা আলেম-উলামা, ইমাম-খতিব, সংগঠনটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া এবং নর্থ রিজিওনের নেতারা জানাজায় অংশ নেন। স্থানীয় মুসল্লি ও মরহুমের অসংখ্য ভক্ত-অনুরাগীও এতে উপস্থিত ছিলেন।
মরহুমের জানাজায় ইমামতি করেন তাঁর বড় ছেলে হাফিজ মাওলানা আব্দুল লতিফ। তাঁর রুহের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া পরিচালনা করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (রহ.) নাতি মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। মরহুম তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এক যৌথ শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আসরাফ মিয়া, ট্রেজারার হেলেন ইসলামসহ সংগঠনটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়।
শোকবার্তায় মোহাম্মদ মকিস মনসুর বলেন, মাওলানা আব্দুল মতিন দীর্ঘ ৩০ বছর বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আনজুমানে আল ইসলাহর গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সভাপতি হিসেবে দ্বীনি ও সাংগঠনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইসলামের সঠিক আকিদা মানুষের সামনে তুলে ধরতেও তিনি আজীবন নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করেছেন।
শোকবার্তায় আরও স্বাক্ষর করেন সংগঠনটির প্যাট্রন শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, প্যাট্রন ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপারসন নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, চিফ কো-অর্ডিনেটর আলহাজ মসুদ আহমদ, সাবেক সদস্যসচিব ড. মুজিবুর রহমান এবং সাউথ ইস্ট রিজিওনের কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্যসচিব তাজুল ইসলামসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক কমিটির নেতারা।

