নীলফামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে শহরের মিলনপল্লী সার্বজনীন দুর্গামন্দিরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় একক ও দলীয় নৃত্য, ভক্তিমূলক সংগীত এবং সাধারণ গানের বিভিন্ন বিভাগে শিশু-কিশোররা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন মিলনপল্লী সার্বজনীন দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি হরিপদ মজুমদার ও সাধারণ সম্পাদক প্রদীপ দাস। এ সময় মন্দির পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক মনোজ সরকার জানান, ‘সংস্কৃতি মানুষকে কাছে আনে, সম্প্রীতির বন্ধনে গড়ে তোলে সমাজ’ প্রতিপাদ্যে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় মোট ৫০ জনকে পুরস্কৃত করা হয়েছে। পরে মন্দির প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


