
ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি সরকারের অনুমোদিত নতুন ‘স্কুল ডিক্রি’ ও সার্বিক নীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশটির অভিবাসী সমাজ। শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা ও নিকাব নিষিদ্ধকরণ এবং শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে রাজধানী রোমে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ইতালীয় মানবাধিকার কর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশে সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তারা।

ইতালির রাজনীতিতে অভিবাসন ও সংস্কৃতি রক্ষা সংক্রান্ত বিতর্ক নতুন নয়। তবে সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত নতুন স্কুল ডিক্রি এই বিতর্ককে সরাসরি টেনে এনেছে শিক্ষাঙ্গনে। ডিক্রিতে স্কুলের অভ্যন্তরে মুখ ঢেকে রাখা পোশাক সম্পূর্ণ নিষিদ্ধের পাশাপাশি ক্লাসরুমে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ নির্ধারণের নিয়ম আনা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বহুসংস্কৃতি চর্চার এলাকা হিসেবে পরিচিত রোমের তরপিনাত্তারায় রাস্তায় নেমে আসেন সর্বস্তরের মানুষ।

এই এলাকায় বসবাসকারী অভিবাসী মানুষ ইতালিতে বেড়ে চলা বর্ণবাদী পরিবেশ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। স্কুলে কতোজন শিশু পড়ালেখা করবে তার সীমা নির্ধারণ বা নারীদের পোশাক নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তাবনার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হয়েছেন। “আমরা বর্ণবাদ চাই না; ইতালীয় ও অভিবাসীরা বছরের পর বছর যেভাবে শান্তিতে বসবাস করছে, সেভাবেই থাকতে চাই।”
সরকারের শিক্ষানীতিতে সমতা ও অন্তর্ভুক্তির অভাব দেখছেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার্থীরাও। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে কোটা নির্ধারণ বা ধর্মীয় পোশাক পরিধানে বাধ্যবাধকতা তৈরি করা মৌলিক ও নাগরিক স্বাধীনতার পরিপন্থী।
সমাবেশে অংশ নেওয়া অভিবাসী কমিউনিটি নেতারা মেলোনি সরকারের এই নীতিকে ইতালির ঐতিহাসিক সামাজিক সম্প্রীতি বিনষ্টের শামিল বলে অভিযোগ করেন। তাঁরা জানান, কোনো সামাজিক বিভাজন ছাড়াই ইতালীয় সমাজের মূলধারার অংশ হতে চান প্রবাসীরা।
একই সাথে সমাবেশ থেকে চরমপন্থী রাজনৈতিক উস্কানি প্রতিহত করতে অভিবাসী মুসলিম সম্প্রদায়কেও দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান আন্দোলনকারীরা।

