যুক্তরাষ্ট্রে ৬৮ লাখ ডলারের মেডিকেয়ার জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুয়া টেলিমেডিসিন পরামর্শ এবং রোগীদের প্রয়োজন নেই এমন অর্থোপেডিক ব্রেস বা বিশেষায়িত চিকিৎসা সহায়ক সরঞ্জামের প্রেসক্রিপশনের মাধ্যমে এই জালিয়াতির অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫৭ বছর বয়সী চিকিৎসক ডা. এডগার সালাজার নিউইয়র্কের আর্মঙ্ক এলাকার বাসিন্দা। মঙ্গলবার ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে।

আদালতের নথি অনুযায়ী, টেলিমেডিসিন প্রতিষ্ঠান টেলিভিজিটএমডি-এর মাধ্যমে মেডিকেয়ার সুবিধাভোগীদের নামে আগে থেকেই পূরণ করা প্রেসক্রিপশনে স্বাক্ষর করতেন সালাজার। অভিযোগ রয়েছে, রোগীদের যথাযথ পরীক্ষা বা চিকিৎসা না করেই তিনি এসব প্রেসক্রিপশনে স্বাক্ষর করেছেন। কিছু ক্ষেত্রে তিনি রোগীদের সঙ্গে কোনো কথাও বলেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আবার যেসব রোগী তাঁকে জানিয়েছিলেন যে তাঁদের অর্থোপেডিক ব্রেসের প্রয়োজন নেই কিংবা তাঁরা এসব সরঞ্জাম নিতে চান না, তাঁদের ক্ষেত্রেও তিনি প্রেসক্রিপশনে স্বাক্ষর করেছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া যেসব টেলিমেডিসিন পরামর্শ তিনি দেননি, সেগুলোর জন্যও মেডিকেয়ারের কাছে বিল জমা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে ৬৮ লাখ ডলারের বেশি ভুয়া ও প্রতারণামূলক দাবি জমা দেওয়ার সঙ্গে তাঁর সম্পৃক্ততার অভিযোগ করেছে ফেডারেল কর্তৃপক্ষ।
এই জালিয়াতির ঘটনায় টেলিভিজিটএমডির মালিক ও পরিচালনাকারী ক্রিস্টোফার হারউডের নামও উঠে এসেছে। ২০২৬ সালের মার্চ মাসে স্বাস্থ্যসেবা জালিয়াতি ও ওয়্যার জালিয়াতির ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন হারউড। তিনি ১৭.৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, গত মাসে এই ষড়যন্ত্রে ভূমিকার জন্য হারউডকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডা. সালাজারের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্রের একটি এবং স্বাস্থ্যসেবা জালিয়াতির পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি ধারায় সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড হতে পারে তাঁর। এফবিআই এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় যৌথভাবে মামলাটির তদন্ত করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ন্যাশনাল ফ্রড এনফোর্সমেন্ট ডিভিশন, এফবিআইয়ের মায়ামি ফিল্ড অফিস এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। মামলাটি পরিচালনা করছেন বিচার বিভাগের ফ্রড ডিভিশনের হেলথ কেয়ার ফ্রড বিভাগের ট্রায়াল অ্যাটর্নি ওয়েন ডান।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ২০০৭ সাল থেকে তাদের হেলথ কেয়ার ফ্রড স্ট্রাইক ফোর্স কর্মসূচির আওতায় ৬ হাজার ২০০-এর বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব অভিযুক্ত ব্যক্তি সম্মিলিতভাবে ফেডারেল স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং বেসরকারি বিমা প্রতিষ্ঠানগুলোর কাছে ৪৫ বিলিয়ন ডলারের বেশি বিল জমা দিয়েছিলেন বলে কর্তৃপক্ষের তথ্য। মেডিকেয়ারসহ সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতি বন্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় যৌথভাবে কাজ করছে।

