গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে ঘরে আগুন ছড়িয়ে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে মহানগরীর টঙ্গী পশ্চিম থানার চেরাগ আলী মার্কেটসংলগ্ন মুদাফা এলাকার মাস্টার বাড়ি রোডে একটি ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন লালচান (৬৫), তাঁর স্ত্রী নাসিমা (৫০) ও তাঁদের মেয়ে তানিশা (১৬)। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং একই পরিবারের তিনজন দগ্ধ হন। লালচান ও নাসিমা দুজনই পোশাকশ্রমিক। তাঁরা ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনাস্থলে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা দগ্ধ তিনজনকে উদ্ধার করে বুধবার সকাল ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, তিনজনের শরীরের বড় অংশ পুড়ে গেছে। লালচানের শরীরের প্রায় ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তানিশার ৮৫ থেকে ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসক জানান, তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের আইসিইউতে রেখে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
গ্যাসের লাইনে লিকেজ থেকে ঘরে গ্যাস জমে গেলে চুলা জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই গ্যাসের গন্ধ পেলে আগুন জ্বালানো, বৈদ্যুতিক সুইচ চালু বা বন্ধ করা থেকে বিরত থাকা এবং নিরাপদে বাইরে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া জরুরি।

