ঢাকার ধামরাইয়ে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুই কক্ষের একটি টিনের বসতঘর। বাড়ির মালিকের অভিযোগ, ৮ থেকে ১০ বছর বয়সী এক শিশুর দেওয়া আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে ঘরের আসবাবপত্র, ধান-চালসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর পূর্বপাড়া এলাকায় নাছির উদ্দীন দেওয়ানের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বাড়ির মালিকের অভিযোগ, ঘরের বারান্দায় রাখা জ্বালানি পাটখড়ির গাদায় আগুন দেয় ৮ থেকে ১০ বছর বয়সী এক শিশু। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘরে।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে দুই কক্ষের টিনের বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্র, ধান-চালসহ প্রায় দুই লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আশপাশের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে। এসব ঘরবাড়ির আনুমানিক পাঁচ লাখ টাকার সম্পদ রক্ষা পেয়েছে।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

