
ঢাকার সাভারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই এলাকায় একটি সরকারি বিদ্যালয়ের ফটকের পাশে ককটেলভর্তি ব্যাগ পাওয়ার খবর জানিয়েছে পুলিশ। এ ছাড়া নাশকতার অভিযোগে তিন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। পৃথক ঘটনায় ধামরাইয়ে বাসে আগুন দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে সাভারের গেন্ডা এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তদন্ত করছে পুলিশ।
এদিকে, সকালে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকের পাশে একটি ব্যাগে ককটেল থাকার খবর পায় পুলিশ। স্থানীয়রা ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন বলে জানিয়েছে সাভার মডেল থানা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, জননিরাপত্তার স্বার্থে ককটেল থাকা স্থানটি ঘিরে রেখেছে পুলিশ। ব্যাগে ঠিক কতগুলো ককটেল রয়েছে, তা তাৎক্ষণিকভাবে গণনা করা সম্ভব হয়নি। তবে দূর থেকে অন্তত তিনটি ককটেট স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ব্যাগের ভেতরে আরও ককটেল থাকতে পারে।
অন্যদিকে, সাভারে নাশকতার অভিযোগে তিন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জয় বাংলা স্লোগান দিয়ে এক যুবক তালা দিয়েছেন।
এদিকে, ঢাকার ধামরাইয়ে বাসে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

